সেই সময় ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের `সমুখে তুঙ্গ তুষার মৌলী রাজে হিমগিরি কনকজঙ্ঘা`। আর ব্যাকগ্রাউন্ডে সেই গিরি বা পাহাড়কে রেখেই কালো ধোঁয়া উড়িয়ে চলে যেত ট্রেন। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আমরা দেখতাম শিলিগুড়ি কোচবিহার রুটের `সাফারি` আর `ভানুমা` নামের নতুন দুটো বাসকে। প্রেয়ার লাইন যেখানে হত, তার দু`পাশের কৃষ্ণচূড়া গাছ দুটি তখন কিশোর। ডুয়ার্সের নিয়ম মেনে সারা বছর ভোরবেলায় শিরশিরানি। শরতেও চারদিকের বিরাট বিরাট গাছের গায়ে লেগে থাকত সদ্য শেষ হওয়া বর্ষার সবুজ শ্যাওলা।
ছবিটি সম্ভবত তারও আগের। বোধহয় বাবা তুলেছিলেন তাঁর আগফা ক্লিক থ্রি ক্যামেরায়। গর্বিত হই ভেবে যে, ফালাকাটা হাই স্কুলের ইংরেজি এইচ আকৃতির এই বিল্ডিংটি যখন হয়, তখন বাবা প্রধান শিক্ষক। আর বাবার পাশে রয়েছেন হরকাকু, প্রমথকাকু, পন্ডিতকাকু, অনিলকাকু, কার্তিকদাদু, অমরস্যার, পরিমলস্যার, সুবোধস্যার সহ আরও অনেকেই।
ছবিটি থেকে যাক নিজের ব্লগ আর ফেসবুকের পাতায়। সাদা কালো ছবির সেই রঙিন দিন যে কী দুরন্ত ছিল সেটা আমরাই জানি শুধু.....

No comments:
Post a Comment