ব্যোমকেশ একবার বলেছিলেন, এই সময়টায়, অর্থাৎ বড়দিনে, কলকাতার একটা অমোঘ টান আছে।
কথাটা খুবই সত্যি। সেটা বুঝি। তাই বড়দিন এলেই কলকাতায় পালাই পালাই করে মনটা।
পার্ক স্ট্রিটের মুখে এশিয়াটিক সোসাইটির থেকে অ্যালেন পার্ক অবধি হেঁটে কী হয় জানি না। তবু হাঁটি।
হগ মার্কেটে (নিউ মার্কেট) নাহুমের কেক কিনি।
ভুলভাল ঘুরে বেড়াই বো ব্যারাক, ফ্রি স্কুল স্ট্রিট, সেন্ট জনস থেকে আর্মেনিয়ান চার্চ।
ঢিলেঢালা ট্রাফিকে সকালের ঘুম ভাঙে না ডালহৌসির।
কাঠবেড়ালিগুলো তরতর করে দিব্যি নেমে আসে রাইটার্সের সামনের গাছগুলো থেকে।
ভবানীপুর সেমেট্রিতে, যেখানে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকরা শায়িত, সেখান থেকে হাওয়া উঠে ছুঁয়ে যায়
পার্ক স্ট্রিট আর মল্লিকবাজারের গোরস্থান।
সবাই বলে, `গোরস্থানে কী পাও!`
আসলে ওঁদেরও তো শুয়ে থাকবার একটা বছর পেরিয়ে গেল!






No comments:
Post a Comment