।। নিজের ভাবনায় ।।
শৌভিক রায়
দায় ঝেড়ে ফেললেই কি সব ঠিক হয়ে যায়? প্রশ্নটা যখন হ্যাঁ-বোধক, ব্যাকরণের নিয়মানুসারে সেটির উত্তর না হয়। অর্থাৎ, না যায় না। একদম ওপর থেকে নিচ অবধি কেউই পারেন না সেটা। হ্যাঁ, আমি-আপনিও পারি না। গড্ডালিকা প্রবাহে আমরাও ভাসিয়েছি গা। মেনে নিয়েছি সব। নিচ্ছিও। এতটাই প্রেরিত হয়েছিলাম যে সবকিছুই ভুলে গিয়েছিলাম। আজ যখন নিজের ঘরটি পুড়ছে, তখন চিৎকার করছি।
ন্যায়ালয়ের রায়ের বিরুদ্ধে কথা বলা উচিত নয়। আমাদের সংবিধান সেই প্রশ্রয় দেয় না। রায় পছন্দ না হলে অবশ্যই অন্য রাস্তা খোলা আছে। সেই পথে যাওয়া যেতেই পারে। কিন্তু কেন যেতে হবে? সেই জায়গায় ব্যাপারটিকে আসতে দেওয়া হল কেন? কেন এই ঝঞ্ঝাটে ফেলা হল সাধারণ নিরীহ কিছু যোগ্য মানুষকে? এরপরেও আমাদের দায় নেই বললেই হবে? সবকিছু এতই সস্তা?
ব্যক্তিগতভাবে মনে করি, যাঁরা রায় দেন সেই মাননীয় বিচারকেরা আমার চাইতে শিক্ষা-মেধা-মনন-বুদ্ধি ইত্যাদি সব কিছুতেই বহু এগিয়ে। নিশ্চয়ই তাঁরা সব দিক বিবেচনা করে এই রায় দিয়েছেন। কিন্তু খারাপ লাগছে সততার সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন যারা, তাদের জন্য। যিনি যত আশা, স্বান্তনা, স্তোকবাক্য দিন না কেন, তাদের মানসিক অবস্থাটা আমরা কল্পনাও করতে পারব না। তাদের এই লড়াই যে কতটা কঠিন সেটা বুঝছেন একমাত্র তারাই।
একজন শিক্ষক ও বয়স্ক অভিভাবক হিসেবে তাদের পাশে রয়েছি।
আর এত কিছুর পরেও যারা দাপিয়ে বেড়াচ্ছেন তাদের জন্য কী?
সময় উত্তর দিক.....
No comments:
Post a Comment