Sunday, June 19, 2022


 

।।  নিজের ভাবনায়।।  

       শৌভিক রায় 

সোনোরা স্মার্ট ডড ( SONORA SMART DODD) কে চেনেন কি? 

না, আমিও চিনতাম না। চিনবই বা কীভাবে! ওঁর জন্ম আমেরিকার আরকানসাসে। বাবার নাম উইলিয়াম জ্যাকসন স্মার্ট।

উইলিয়াম ছিলেন সিভিল ওয়ারে অংশ নেওয়া মানুষ। তাঁর স্ত্রী গত হয়েছিলেন আগেই। আমেরিকান সমাজের দস্তুর মেনে আরও একটা বিয়ে করতেই পারতেন! কিন্তু না। ও পথে যাননি। ছয় সন্তানকে একাই বড় করে তুলেছিলেন। হয়ে উঠেছিলেন তাদের বাবা-মা। তাঁর জীবনে বাবার এই ভূমিকায় মুগ্ধ সোনোৱাৰ মনে হয়েছিল আনা জার্ভিসের কথা। মায়েদের জন্য একটা আস্ত দিনের প্রতিষ্ঠা করেছিলেন আনা। তাঁর পদাঙ্ক অনুসরণ করে সোনোরা তাঁর চার্চের প্রধানকে পিতাদের জন্যও একটি দিন উৎসর্গ করবার প্রস্তাব দেন। তবে তিনি চেয়েছিলেন তাঁর বাবা উইলিয়ামের জন্মদিন জুনের ৫ তারিখ হোক সেটা। কিন্তু চার্চ তারিখটা পাল্টে করে দিয়েছিল ১৯ জুন। ১৯১০ সালে প্রথম পালিত হয় দিনটি। আমেরিকায় দিনটি তাৎপর্যপূর্ণভাবে স্বীকৃতি পায় অবশ্য ১৯৭২ সালে। প্রেসিডেন্ট নিক্সন জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন ১৯ জুনকে। আশির দশকে ফাদার্স ডে কাউন্সিল দিনটিকে দ্বিতীয় খ্রিস্টমাসের মর্যাদা দিলে এর গুরুত্ব আরও বৃদ্ধি পায়। 

নানা রকম দিন উদযাপনে আমাদের নানা মত রয়েছে। খুব স্বাভাবিক সেটা। পাশ্চাত্য সভ্যতার আগ্রাসন হিসেবেও অনেকে ভেবে থাকেন এই ধরণের সেলিব্রেশনকে। প্রত্যেকের ভাবনা তাঁর নিজের জায়গায় সঠিক। তবে এরকম দিন উদযাপন ব্যক্তিগতভাবে আমার মন্দ লাগে না। আসলে এরকম এক একটি দিন উদযাপনের পেছনে রয়েছে কত ইতিহাস! আর সে ইতিহাস আমাদেরই মতো সাধারণ মানুষদের। তবে সেই মানুষগুলি সাধারণ হয়েও অসাধারণ ভেবেছিলেন বা ভাবেন। আর এখানেই তাঁরা এগিয়ে যান এক যোজন। 

বহু দেশে পরিচিতি পেলেও ভারত সহ এশিয়াতে এখনও এই দিনটি সেভাবে পরিচয় নয়। বাবা, মা বা অন্য কোনও প্রিয়জনকে নিত্যদিন স্মরণ করার মধ্যেও যদি একদিন একটু বেশিই মনে করি বা তাঁদের জন্য নিজের সাধ্যমতো কিছু করি তবে মন্দ কিছু নয়। তবে হ্যাঁ...ব্যাপারটি যেন আন্তরিক হয়, লোক দেখানো নয়!

ছবির পাহাড়ের নাম রেখেছি  `বাবা`.....উঠতে পারি গা বেয়ে, ডিঙোতে পারি না। পারবও না।         
 




No comments: