।। নিজের ভাবনায় ।।
শৌভিক রায়
একটি কবিতা লিখতে কবিকে যে যন্ত্রণা সহ্য করতে হয়, তা তুলনীয় একমাত্র গর্ভযন্ত্রণার সঙ্গে। আমার কথা নয়। এমনটা মনে করতেন প্রখ্যাত কবি টি এস এলিয়ট। আর এক বিখ্যাত কবি জীবনানন্দের 'সকলেই কবি নয়, কেউ কেউ কবি' তো আপ্তবাক্যে পরিণত হয়েছে।
তবে সংজ্ঞার ঘেরাটোপে কখনই কোনও লেখা জন্ম নেয় না। কবিতা তো নয়ই। আসলে নির্দিষ্ট নিয়ম মেনে (কবিতার ব্যাকরণ বাদে) কবিতা লিখতে গেলে, সেটা কবিতা থাকে না। তাছাড়া কবিতার সংজ্ঞাও তো প্রচুর। 'আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ' মানেই কবিতা, এমনটাও তো কেউ ভাবতেন বা ভাবেন।
ব্যক্তিগতভাবে মনে করি, বুদ্ধিমত্তা ও আবেগের মিশ্রণেই জন্ম নেয় কবিতা। বাকি সব আর যা হোক, কবিতা নয়। বিশ্বাস করি, কবিতা `লেখা` হয় না, কবিতা জন্ম নেয় এবং তার জন্য লাগে দীর্ঘ সময়। যা ইচ্ছে লিখলাম, যে কেউ ছাপিয়ে দিল আর তাতেই কবি হয়ে ওঠা গেল- এই ব্যাপারটা আসলে ভাবের ঘরে চুরি।
আজকাল প্রচুর 'কবিতা' (?) লেখা হচ্ছে। কেউ প্রতিদিন লিখছেন। কেউ দুই বেলায় লিখছেন। কোনও সমস্যা নেই তাতে। লেখার অভ্যাস তো রাখতেই হবে। আর হয়ত এই বিপুল পরিমাণ লেখার মধ্যে থেকে লুকিয়ে জন্ম নেবে একটি বা দুটি কবিতা। কিন্তু ওই অবধিই। এর বেশি নয়।
সংখ্যা নয়। পাখির চোখ হওয়া উচিত মান। তাতে কবির পাশাপাশি পাঠকেরও বৌদ্ধিক ও মানসিক বিকাশ হয়।
কবিতার জয়যাত্রার রথ মুখ থুবড়ে পড়ে না....
No comments:
Post a Comment