Wednesday, September 17, 2025


 

১৯৮১ সালের ৬ নভেম্বর। 

ফালাকাটা কমিউনিটি হল এখন যেখানে, সেখানে তখন মাঠ। 

মাঠের পূর্ব দিকে ফালাকাটা হাই স্কুলের হোস্টেল। হোস্টেল লাগোয়া শাক সবজির ক্ষেত। তার পাশ দিয়ে এগোলে ডাইনে‌‌ আমাদের কোয়ার্টার্স। আমাদের বলতে আমরা সহ পণ্ডিতকাকু, জহর স্যার আর প্রদীপ স্যারের পরিবার। আমাদের কোয়ার্টার্সগুলোর উল্টোদিকে ইংরেজি L শেপ কয়েকটি ঘর। সেগুলিতে এক সময় ফালাকাটা হাই স্কুলের ইলেভেন টুয়েলভ ক্লাস হত।

ওই ঘরগুলিতেই অস্থায়ীভাবে শুরু হয়েছিল ফালাকাটা কলেজ। আর কলেজের উদ্বোধন হয়েছিল ওই তারিখ অর্থাৎ ৬ নভেম্বর, ১৯৮১।

ছবিটিতে একদম বাঁয়ে তদানিন্তন বন ও পর্যটন মন্ত্রী প্রয়াত পরিমল মিত্র, মাঝে স্বাস্থ্য মন্ত্রী শ্রদ্ধেয় প্রয়াত ননী ভট্টাচার্য ও শিক্ষামন্ত্রী প্রয়াত শম্ভু ঘোষ। যে দুজন তরুণ দাঁড়িয়ে আছেন তাঁদের একজন শ্রী সুনীল বণিক ও অন্যজন তবলাবাদক পাঁচুদা (ভাল নাম মনে নেই)। কিশোরটি আমি। এঁদের অটোগ্রাফ নিচ্ছিলাম। ফালাকাটা কলেজের উদ্বোধনের সেই দিন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য ড: প্রসাদকুমার ঘোষ এবং শিল্পমন্ত্রী প্রয়াত নির্মল বসু। 

এই ছবিটি ও বাকি তথ্য রাখা থাকল এখানে ও আমার নিজের ব্লগে ভবিষ্যতের জন্য...

No comments: