Friday, September 20, 2024

 

।। নিজের ভাবনায় ।।
      শৌভিক রায় 

একটা সময় ছিল যখন ডুয়ার্স ও সংলগ্ন এলাকায়, অন্তত ভোরের দিকে, ফ্যান বন্ধ করে দিতে হত। পায়ের কাছে গুটিয়ে থাকা চাদর গায়ে জড়িয়ে ঘুমটি হত বেশ আয়েশের। এ সি মেশিনের কথা জানলেও, অনেকেই সেই বস্তুটি চাক্ষুষ দেখিনি তখনও অবধি। টানা বৃষ্টি চলত দিনের পর দিন। কিটসের কবিতার সেই moss'd cottage-trees দেখতে আমাদের ইংল্যান্ড যেতে হত না। শরতেও প্রায় সব গাছেই জমে থাকত পুরু শ্যাওলা।  

সেসব দিন সত্যিই gone with the wind. তা না হলে আশ্বিনের এই প্রথম সপ্তাহে, এই রাজ্যের উত্তরাংশে, আবহাওয়ার এই অবস্থা কে ভেবেছিল কবে!  এরপরেও কি মনে হবে না যে, জলবায়ুর এই ব্যাপক পরিবর্তন সত্যিই এক অশনি সঙ্কেত? বৃষ্টিহীন এরকম টানা গরম দিন কবে দেখেছি আমরা? কুয়াশার চাদরে ঢাকা তীব্র শীতের সেই দীর্ঘ দিনগুলিই বা কোথায় আর? হারিয়ে কি যায়নি বৃষ্টির জলে ঢাকা মাঠঘাট আর হঠাৎ জন্মানো ছোট্ট ছোট্ট ঝোরা? 

সবার মতোই কষ্ট পাচ্ছে ছাত্ররা। ক্লাসঘরে যে দু'তিনটি ফ্যান আছে, সেগুলির অবস্থা তথৈবচ। কোনও কোনও স্কুলে সেটুকুও নেই। হয়ত স্কুলের টাইম টেবিল একটু এদিক ওদিক করে ওদেরকে সামান্য রেহাই দেওয়া যেতে পারত। কোথায় গরম পড়লে ছুটি হয়, কোথাকার কথা ভেবে সারা রাজ্যকে বিচার করা হয় সেসব বিতর্ক তুলে রাখছি। কিন্তু এটুকু তো ভাবতেই পারি। 

খুব কি অন্যায় সেটা?

No comments: