Thursday, November 10, 2022

 বোকা

শৌভিক রায় 


- স্যার...বর্ষবরণ আজ মার খেয়েছে।

- মার খেয়েছে? বর্ষবরণ? সে কি রে.... কী রে বর্ষবরণ? কী ব্যাপার।

- না স্যার, মার খাইনি। ওটা আদর। থাপ্পড় না...

- ছ্যা ছ্যা....তুই থাপ্পড় খেলি!

- ওহ...তুমি না স্যার কিচ্ছু বোঝো না...ওটা থাপ্পড় না। আদর।

- আচ্ছা বেশ। তা সেটা করল কে?

- প্রবীরবাবু।

- কেন করলেন প্রবীরবাবু?

- ওই যে তখন....

- কখন?

- আহ...শোনো না! 

- সরি সরি...বল...কখন...

- টিফিনের সময়। তখন তো একদম রক্তারক্তি খুনোখুনি ব্যাপার!

- বলিস কী! রক্তারক্তি? খুনোখুনি?? কোথায়? কিচ্ছু তো নেই কোথাও রক্তটক্ত!

- আহহা...ওটা তো কথার কথা! ঘটনাটাকে ইমপরট্যান্স দেওয়ার জন্য!

- ওহহ....সরি রে। বুঝিনি।

- তুমি বুঝবে কীভাবে? এমনিতেই বুদ্ধি কম তোমার।

- ঠিক ঠিক। খুব কম। তারপর কী হল?

- তারপর তো গেলাম তোমাদের কাছে। তোমরা তখন চা খাচ্ছ। প্রবীরবাবু ফাঁকা ছিলেন। উনি বললেন।

- কী বললেন?

- আমার জামায় এত নোংরা কেন? মাটির দাগ কীভাবে লাগল?

- তাই তো, কীভাবে লাগল?

- ওই যে হট্টগোল। মাঠে দৌড়াদৌড়ি! 

- দৌড়লে শার্ট নোংরা হয়?

- বললাম না খুনোখুনি রক্তারক্তি কাণ্ড!

- ওওওও....আচ্ছা। তা কে কাকে খুন করল?

- অস্মিত আমাকে। আর তাতেই দাগ লাগল।

- তারপর?

- প্রবীর স্যার বললেন, এরকম নোংরা করলে জামা কাচতে মায়ের কষ্ট হবে।

- হুমম...ঠিক। কষ্ট হবে।

- আমি স্যারকে বললাম, আর করব না। কিন্তু মনে মনে বললাম, মায়ের ঘণ্টা কষ্ট হবে। আমাদের ওয়াশিং মেশিন আছে! মা কাচবে কেন!

- এটা বললি?

- আহহা... এটা তো মনে মনে বললাম!!

- মুখে কী বললি?

- বললাম, মায়ের কষ্ট হবে না। নিজের জামা নিজে কাচব! 

- এটা বললি???

- এটা শুনেই তো স্যার আমাকে গালে আদর করলেন। এই বোকাগুলো ওটাকে থাপ্পড় ভেবেছে! তোমার ছাত্র তো। তোমার মতোই বোকা সব!!!!


পঞ্চম শ্রেণির বর্ষবরণ এইজন্যই খুব প্রিয় আমার।


( বোকামির এককাল )

 

No comments: