Thursday, October 6, 2022

 ।।নিজের ভাবনায়।।

     শৌভিক রায় 


একটি নদী জনপদটিকে মালার মতো ঘিরে রেখেছে বলে সম্ভবত জনপদটির নাম হয়েছে মাল। সংস্কৃত 'মাল' শব্দটির অর্থ মালা বা মাল্য। গরুবাথান অঞ্চলে ভুটান পাহাড়ে সৃষ্ট মাল নদী এই জনপদটিকে মালার মতো ঘিরে রেখেছে বলে অনেকে মনে করেন যে, এই স্থানটির নাম হয়েছে মাল। 


মালবাজার নামটি কীভাবে এলো সে নিয়ে আরও অনেক তত্ত্ব আছে। সেসব আর নয় আজ! তবে কেন এই তত্ত্বটি উল্লেখ করলাম? কারণ একটাই। মালার মতো সুন্দর একটি নদী যে কী ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তার প্রমাণ তো গত রাতেই পেয়েছি সবাই। 


কর্মজীবন শুরু করেছিলাম, মালবাজার নামের জনপদটিতে। অপূর্ব নৈসর্গিক শোভার শহরটি পশ্চিম ডুয়ার্সের অলিখিত রাজধানী। এই শহর ও সংলগ্ন অঞ্চলের ইতিহাস, ডুয়ার্স ও উত্তরবঙ্গের বিবর্তনের ইতিহাস। মালার মতো নদীটিতে আচমকা জল বেড়ে যায় বা হরপা বান আসে, সেই ইতিহাসটিও কিন্তু কমবেশি অনেকেই জানেন। তবু সামলানো গেল না চরম বিপর্যয়! 


মর্মান্তিক ঘটনাটির পর অবধারিতভাবে বিতর্ক শুরু হয়েছে। হবেই। খুব স্বাভাবিক। কিন্তু সেসবের মধ্যে না ঢুকে এটা বলতে পারি যে, পুজোকে কেন্দ্র করে উৎসবের বাকি অংশে আর মেতে উঠতে পারছি না। মেতে ওঠাকে সমর্থন‌ও করতে পারছি না। 


অকালে চলে যাওয়া মানুষগুলির জন্য অন্তত এটুকু তো করতে পারি আমরা! আমাদের মৌনতা হয়ে উঠুক অন্তিম শ্রদ্ধা....





No comments: