Friday, June 25, 2021

রিমোট হইতে সাবধান

শৌভিক রায়


- শো শৌভিক....বা বাড়িতে টিভি তো দে...দেখো।
- দেখি তো।
- রি...রিমোট দিয়া দে...দেখো? না...নাকি উইঠা গিয়া চ্যা...চ্যানেল পাল্টাও?
- রিমোট। অবশ্যই।
- সা...সাবধান। 

অদ্ভুত কথায় বেশ অবাক হলাম। রিমোট দিয়ে টিভির চ্যানেল পাল্টাই, এতে সাবধান হওয়ার কি আছে? সবাইই তাই করে। গলায় বিস্ময় নিয়েই বললাম,
- সাবধান? মানে? বুঝলাম না।
- ব্যা...ব্যাটারি। 
- ব্যাটারি?
- হ্যাঁআআ....ব্যাটারি। রি...রিমোট ব্যা..ব্যাটারিতে চলে না?
- হ্যাঁ তো।
- সেজন্যই তো ব...বললাম। চা..চার্জ...
- চার্জ? কী যে বলেন বুঝি না। ব্যাটারি, চার্জ, রিমোট...ধুস...
- শো...শোনো...
- বলুন। শুনছি তো।
- সে..সেইদিন রাতে ম...মনোযোগ দিয়া ফ্যা...ফ্যাশন টিভি দেখতেছিলাম....
- ফ্যাশন টিভি? আপনি??
- ক্যা... ক্যান? আ...আমার দেখতে নাই নাকি?
- না না সেটা না। আসলে এই বয়সে...
- বয়স আবার কী? একটা স...স....স...
- সংখ্যা মাত্র।
- ঠি...ঠিক।
- যাহোক তারপর?
- রা...রাতের শো। বো...বোঝোই তো। ফর্সা ফর্সা বিদেশি মেয়েগুলা অল্প অল্প জা...জামাকাপড় পইরা ক্যা...ক্যামন কইরা হাঁটে। যে...যেমন গায়ের রং তেমন হইল ফিগার! 
- বুঝেছি বুঝেছি।
- তুমি তো বুঝবাই! 
- না, মানে...
- রাখো তো...তোমার মানে! 
- আচ্ছা আচ্ছা। তারপর কী?
- তো খুব মনোযোগ দিয়ে দে..দেখছিলাম। তোমার বৌদিও রান্নাঘরে বা...বাসন গোছগাছ করছে। 
- হুমম
- ছে...ছেলে ঢুকল ঘরে।
- ছেলে?
- হ্যাঁ।
- তারপর?
- রি...রিমোট টিপি, চ্যানেল পাল্টাবো। শালা কিছুতেই স...সরে না।
- মানে? সরে না কেন?
- চা...চার্জ! চার্জ। ব্যা...ব্যাটারির চার্জ শেষ! জো...জোরে জোরে বো...বোতামে চাপ দিলাম। তাও সরে না। রি...রিমোটটাকে বি...বিছানায় আছাড় দিলাম। তা..তাও কিছু হল না।
- তারপর?
- আ..আর কি! ছে..ছেলে টিভির দিকে একবার তাকায় বাপ রে চ...চরিত্রহীন ভাইবে অন্য ঘরে চইলে গেল! 
- হায় কান্ড!
- ও চইলে যাইতেই হর হর কইরে এই চ্যা...চ্যানেল সেই চ্যানেল সরতে সরতে স...সংস্কারে আইসে থামল। ও...ওইখানে মা...মাথায় ফে...ফেট্টি বাইন্ধে পুরুষ মহিলা কীর্তন করতেছে। তো...তোমার বৌদি ঘরে ঢুইকে বলল যে, আ...আমার নাকি ভী...ভীমরতি ধরছে। তাই কীর্তন শুনতেছি। রি..রিমোটটা আমার হাত থেকে নিয়া সি..সিনেমার চ্যা..চ্যানেল দিল! দে..দেখি গান হইতেছে ম্যা...ম্যায় খিলাড়ি তু আ..আনাড়ি। বো...বোঝো। তা...তাই কইলমা সা...সাবধান। বিঅ্যাওয়েয়ার অফ রিমোট!

(কোনও কল্পনা নয়। নিতান্তই বাস্তব। ঘটনাটির বয়স বেশ কয়েক বছর।)

(বোকামির এককাল)

No comments: