Thursday, August 13, 2020



মাছের দাম
শৌভিক রায়

- কইমাছ আটটাকা কিলো!!! আটটাকা?? তোরা কি মানুষ মারবি? আটটাকা কিলো মানে বুঝতে পারিস? কোন্ হিসেবে এত দাম চাইলি??

মেজমামার চিল চিৎকারে বুঝলাম যে, মাছওয়ালা অত্যন্ত গর্হিত একটি কাজ করে ফেলেছে। কোনোভাবেই কইমাছের কিলো এত টাকা হতে পারে না। 

কাটিহারের হরদয়াল টকিজের কাছে পিঠের সেই বাজারে মাছ কিনতে গিয়েছিলাম মেজমামার সঙ্গে। সেটা অবশ্য বহু বছর আগের কথা।  আমি নেহাতই তখন ছয়-সাত বছরের বালক। আসলে মেজমামার সেই চিৎকারের অভিঘাত এতটাই ছিল যে, আজও কানে লেগে আছে তা। 

এরপর বহুদিন কেটে গেছে। আমি তখন ইলেভেন-টুয়েলভ হব। ফালাকাটার কলেজ পাড়ায় তখনও বাড়ি বাড়ি মাছওয়ালারা মাছ বিক্রি করতে আসত। বাজার করা শিখেছি তখন। একদিন একজন কইমাছ নিয়ে এল। দাম শুনলাম ষাট টাকা। খুব বেশি মনে হল না। কিন্তু বাজার করা নতুন শিখেছি। দরদাম তো করতেই হয়! খানিক টানাটানির পর পঞ্চাশে রফা হল। আমিও ঝটপট তিন পোয়া নিয়ে নতুন কেনা ক্যালকুলেটারে হিসেব-টিসেব করে টাকা দিতেই মাছওয়ালার একগাল হাসি,
- ভাই কত দিলা?
- কেন? চল্লিশ টাকা। আড়াই টাকা ফেরত পাব। আটটানা দিতে হবে না। দু'টাকা দাও।
- ভাই কোন হিসাবে দাম ধরলা?
- কোন্ হিসাবে মানে? 
- আমিও তো তাই কই। কোন্ হিসাবে ধরলা?
- কোন্ হিসাব আবার? পঞ্চাশ টাকা!!
- পঞ্চাশ টাকার হিসাবে তো দেড়শ টাকা হয় ভাই।
- দেড়শ টাকা??
- হ...তাই তো হয়। পোয়া যদি পঞ্চাশ হয় তাইলে কেজি হইল গিয়া দুইশ' আর তিন পোয়া দেড়শ!
- প...পঞ্চাশ টাকা পো...পোয়া?
- পোয়াই তো। ভাই কী ভাবছিলা!!
আর ভাবাভাবি। দিনকাল পাল্টে যে মাছের দাম কেজি দরে না ব'লে পোয়ার দরে বলা হচ্ছে সে আর জানব কীভাবে?

আজকাল বাজারে মাছের দাম শুনে কেজি না পোয়া সেটা জিজ্ঞাসা করবার সাহস পাই না! মাছওয়ালা দাম বললেই মেজমামার চিল চিৎকার কানে ভাসে। আর চাপা পড়ে যায় মাছের দাম!
(বোকামির এককাল)

No comments: