Friday, March 30, 2018

তিন কন্যে
শৌভিক রায়


টাপুর টুপুর বৃষ্টি পড়ে 
নদে এলো বান
শিবঠাকুরের বিয়ে হবে
তিনকন্যে দান
।।এক কন্যে।।
বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে বুকুন। বাবার গায়ের মিষ্টি গন্ধ। সারাদিন পরেও দামী ডিওর গন্ধে ভুরভুর করছে গা! গালে গাল ঘষে সোহাগ জানায় বুকুন। বাবাও জড়িয়ে ধ'রে কতো আদর, কতো আদর।
- চকলেট?
- এই তো।
- কাল আরও চাই।
- পাবি মা, পাবি।
আবার বাবাকে জড়িয়ে ধরে বুকুন।
মা দাঁড়িয়ে থাকেন দূরে। চোখে গর্বিত দৃষ্টি।

।।দুই কন্যে।।
বাবার চড়টা গালে পড়তেই চোখে সর্ষেফুল দেখে টুকুন। বাবার গায়ে মদের গন্ধ। ঘেন্না হয় বুকুনের। আর একটা থাপ্পড় সহ্য করে টুকুন।
- যাবি না মানে? বললেই হ'ল নাকি? টাকা নিয়েছি অ্যাডভান্স।
- বাবা...মেয়েকে নামাবে ব্যবসায়?
- বেশ করবো। তোর কি? যা শিগগির..
- বাবা...
- যাবি নাকি খুন করবো?
বাবা আবার মারার জন্য হাত তোলে।
মা দাঁড়িয়ে থাকেন দূরে। চোখে অসহায় দৃষ্টি।

।।তিন কন্যে।।
বাবার ছবি থেকে বকুল ফুলের গন্ধ ভেসে আসে। আসে ধূপের ঘ্রাণ। মিতুন চুপচাপ দাঁড়ায় ছবির সামনে। আজ তিন বছর হয়ে গেল। একটা হঠাৎ ব্যথা। আচমকাই। বুকে। বাবা আর রইল না।
- বাবা
ফিসফিসিয়ে বলে মিতুন।
- তোর সাথেই আছি রে। ভাবিস না।
ছবি যেন বলে ওঠে মিতুনকে।
- বাবা ভাল থেকো।
- থাকবো রে মা থাকবো।
মুখ ফেরায় মিতুন।
মা দাঁড়িয়ে আছেন কাছে। চোখে দৃষ্টি উদাস।

No comments: