এখন যেখানে কমিউনিটি হল, সেখানে তখন মাঠ। ফালাকাটা হাই স্কুলের দিক থেকে, সেই মাঠ পেরিয়ে, আসা যেত স্কুল কোয়ার্টার্সে।
তখন দুটিই কোয়ার্টার্স। একটিতে আমরা আর একটিতে নিজের পরিবার সহ পন্ডিতকাকু। প্রতি সন্ধেয় আমাদের কোয়ার্টার্সে বসত আড্ডা। মিল রোড থেকে আসতেন হরকাকু (ফালাকাটা হাই স্কুলের তদানীন্তন সহপ্রধান শিক্ষক প্রয়াত হরচন্দ্র চক্রবর্তী)। সুভাষপল্লি থেকে প্রমথকাকু (ফালাকাটা হাই স্কুলের প্রখ্যাত শিক্ষক প্রয়াত প্রমথনাথ গুহ)। আর পাশের কোয়ার্টার্স থেকে পন্ডিতকাকু (ফালাকাটা হাই স্কুলের শ্রদ্ধেয় সংস্কৃত শিক্ষক প্রয়াত সুবোধমোহন মুখোপাধ্যায়)।
এই ছবিতে পন্ডিতকাকুকে মাঝে রেখে বাঁ দিকে বাবা (ফালাকাটা হাই স্কুলের তদানীন্তন প্রধান শিক্ষক প্রয়াত নীরদবরণ রায়) ও ডাইনে হরকাকু।
প্রমথকাকুর অকাল প্রয়াণ এই তিনজনের মধ্যেই গভীর প্রভাব ফেলেছিল। বাবার সর্বক্ষণের সঙ্গী হিসেবে বুঝতে পারতাম সেটা।
আফশোস, চার বন্ধুর একসঙ্গে ছবি নেই।
আসলে সেই আমলে ছবি তোলাও ছিল একটা বিলাসিতা।
থেকে যাক এই ছবি আগামীর জন্যে

No comments:
Post a Comment