Tuesday, July 15, 2025

 

মোহিত

শৌভিক রায় 


বসতে না বসতেই ঝকঝকে পোশাক পরা বয় ঠকাস করে গ্লাসটা রাখল। লাল নীল কমলা সব রং মেশালে যেমন হবে, তেমন রঙের তরল গ্লাসে টলটল করছে। তাতে ভাসছে গোল গোল চাকা চাকা করে কিছু একটা ফলের দু'তিন টুকরো। তরলের ভেতর থেকে খানিকটা মাথা উঁচিয়ে হঠাৎ বিনয়ী হয়ে ঘাড় বেঁকিয়ে দিয়েছে সাদা স্ট্র বাবাজি। 


চিরকালের ভীতু পাবলিক আমি। এভাবে ওপেন দোকানে কেউ ইয়ে সাপ্লাই দেয় নাকি? তাও আবার অর্ডার ছাড়া! আমাকে কী ভেবেছেটা কী! কেউ যদি দেখে ফেলে? কটমট করে তাকালাম ছেলেটির দিকে। অবশ্য আমার এই ছোট ছোট কুতকুতে চোখে কটমট ভাবটা ফুটে ওঠে কিনা কে জানে। বোধহয় ফোটে না। তাই সে দিব্যি ভ্রু নাচিয়ে বলল, 'মোহিটো স্যার!'


আরে কে তোমার নাম জিজ্ঞাসা করেছে বাবা?তাছাড়া এরকম বিটকেল উচ্চারণ করতেই বা কে বলেছে? তবে খুশি হলাম। ভাবলাম অবাঙালি হয়েও এই যে বাংলা বলার প্রয়াস, এটা তো অভাবনীয়। আজকাল বাঙালিরা বাংলা বলে না! সেখানে এই ছেলেটি ঠিক উচ্চারণ করতে না পারলেও, চেষ্টা করছে।


- মোহিত? আচ্ছা আচ্ছা...লেকিন মোহিত ম্যায় না ইয়ে নেহি চাহা মানে মাঙ্গা...হাম তো দার... মানে ইয়ে...বুঝলে না... শরাব নেহি খাতা..না না পিতা...ফাদার পিতা না কিন্তু...খাওয়া পিতা... মানে জল..নেহি পানি..বুঝলে মোহিত?

- না না স্যার... আমার নাম মোহিত নয়..


নাম মোহিত নয়? তবে মোহিত বলল কেন? আমাকে দেখে তো মোহিত হওয়ার কিছু নেই। যথেষ্ট দানবীয় আমাকে দেখতে। ছেলেটা বলে কী? 


- অ... তুমি তবে বাঙালি? কিন্তু হঠাৎ মোহিত কেন হলে? মানে ঠিক বুঝতে পারছি না। আধা বুড়ো এই টেকোকে দেখে...

- স্যার আমি মোহিত নই, মোহিত‌ও হইনি। এটার নাম মোহিটো। কিউবান ড্রিংক। ওরা রামের সঙ্গে আরও কিছু মিশিয়ে ককটেল তৈরি করে। আমাদের ওসব নয়। সিম্পল শরবত। এটা স্যার আমাদের তরফ থেকে আপনাদের জন্য ওয়েলকাম ড্রিংক...

- কিউবাতে রাম! ওখানে তো ফিদেল কাস্ত্রো শুনি। রাম কীভাবে গেলেন? সেতু বন্ধ তো শ্রীলঙ্কায় হয়েছিল শুনেছি। কিউবা তো সেই আমেরিকার কাছে...বোধহয় আটলান্টিকে...

- স্যার খেলে খান, না হলে থাক...


কিন্তু ওই যে। আমি চিরকালের ভীতু লোক। না খেলে (নাকি পিলে? পিলে চমকানো সব ব্যাপার স্যাপার) যদি কোনও ক্যাচাল হয়...


মিথ্যে বলব না...মোহিটো খেয়ে বেশ মোহিত হলাম কিন্তু.... কুতকুতে ঢুলু ঢুলু চোখে মেন কোর্সের (পাতি বাংলায় ভাত) অপেক্ষায় বসে রইলাম...


( বোকামির এককাল ) 

No comments: