Monday, June 30, 2025


 

অধ্যাপক হিতেন নাগ।
মানুষটিকে চিনতাম সেই ছোট্ট থেকে। পারিবারিক একটা সম্পর্ক ছিল....
ছিল বলছি কেন, আছে। থাকবেও। শিক্ষক হিসেবেও তাঁকে পেয়েছি দিনহাটা কলেজে ইংরেজি অনার্স পড়াকালীন।
বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে নতুন কিছু বলবার নেই। বরং মনে করি, তাঁর মূল্যায়ন আজও হয়নি।
এই মানুষটির জন্মদিন ও প্রয়াণ দিবস ২৯ জুন। এই দিনেই হিতেন নাগ সাহিত্য মঞ্চ ও দিনহাটা কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত হয়েছিল হিতেন নাগ স্মারক বক্তৃতার। সঙ্গে অধ্যাপক হিতেন নাগের সুহৃদ এবং দিনহাটার প্রাণপুরুষ প্রয়াত কমল গুহর নামাঙ্কিত স্মারক বক্তৃতা।
অধ্যাপক হিতেন নাগের সুযোগ সন্তান শ্রী অনির্বাণ নাগ, আমার রাজাদা, হিতেন নাগ স্মারক বক্তৃতার বক্তা হিসেবে আমাকে আহ্বান করেছিলেন।
`বাংলা সাহিত্যে ভ্রমণ` শীর্ষক সেই বক্তৃতা নিয়ে সত্যিই চিন্তিত ছিলাম। কেননা এর আগে `হিতেন নাগ স্মারক বক্তৃতা` দিয়েছেন লেখক স্বপ্নময় চক্রবর্তী, অমর মিত্র প্রমুখ প্রখ্যাত মানুষেরা।
এমনিতেই অধ্যাপক হিতেন নাগ, তার ওপর নিজের কলেজ এবং পূর্ববর্তী এত বিখ্যাত মানুষেরা। সুতরাং চাপ ছিল প্রবল।








স্বাগত ভাষণে রাজাদা বরাবরের মতো সাবলীল ভাষায় ফুটিয়ে তুললেন `বক্তৃতামালা` শীর্ষক অনুষ্ঠানটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও প্রয়াত কমল গুহর সন্তান শ্রী উদয়ন গুহ, দিনহাটা কলেজের বাংলা বিভাগের দুই অধ্যাপক, সম্পাদক-কবি-প্রাবন্ধিক শ্রী গৌতম গুহ রায়, প্রাবন্ধিক শ্রী দেবব্রত চাকি প্রমুখদের বক্তব্য শেষে কমল গুহ স্মারক বক্তৃতা ও হিতেন নাগ স্মারক বক্তৃতার দুই কথা-সমন্বয়কারী শ্রী জয়ন্ত চক্রবর্তী ও শ্রী জয়দীপ সরকারের হাত ধরেই সূচনা হল দুটি বক্তব্যের।
`কমল গুহ স্মারক বক্তৃতা`র বিষয় ছিল `বাংলা সাহিত্যে রাজনীতি`। অসাধারণ বললেন লেখক শুভ্র মৈত্র।
হিতেন নাগ সাহিত্য মঞ্চ ও দিনহাটা কলেজকে অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসলে নিজের যে কলেজে পড়েছি, সেই কলেজে এই রকম একটি বক্তৃতা দেওয়ার সুযোগ পাওয়া আমার কাছে সত্যিই পরম পাওয়া। তাছাড়াও এই কলেজ থেকে শুরু হয়েছিল এক অন্য ভ্রমণ। সে গল্প অবশ্য আলাদা।
ভ্রমণ সাহিত্য নিয়ে নিজের কথা শেষে, বেশ কিছুটা রাতে যখন বাড়ি ফিরছি, বারবার চোখে ভাসছেন অধ্যাপক হিতেন নাগ। ২০২১ সালের বকলম পত্রিকার `হিতেন নাগ স্মৃতি পুরস্কার` প্রাপক আর ২৯ জুন, ২০২৫ `হিতেন নাগ স্মারক বক্তৃতার বক্তা হিসেবে মনে হচ্ছিল, ওই মানুষটির নীরব আশীর্বাদ যদি না থাকত আমার ওপর, তবে কি সম্ভব হত এইসব!

No comments: