Friday, August 26, 2022




এররস আর ব্রেড আরনার্স

শৌভিক রায় 


ইংরেজিতে একটি কথা আছে- Errors are bread-earners। কথাটা শুনে প্রথমটায় থমকে ছিলাম একটু। আমার মধ্যবিত্ত মন কথাটা মানতে চায়নি। কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায়, কথাটা ভীষণভাবে ঠিক। ঠিক মানে, আমাদের শিক্ষকতা জীবনে। 


সত্যিই তো ছাত্ররা যদি ভুল না করত, তবে কি আমার প্রয়োজন হত? অবশ্যই হত না। আর প্রয়োজন না হলে, চাকরিটি থাকত না। না থাকলে, পেটের ভাতও জুটত না! Errors বা ভুলকে ঠিক করাই আমার কাজ, তা সে লাল কালিতেই করি বা সবুজ। কী যায় আসে?


ঘটনা হল, এই ভুল ঠিক করতে করতে একসময় একঘেয়েমি আসে। মাসের পর মাস, বছরের পর বছর শুধু ভুল ঠিক করো আর ভুল ঠিক করো! কাঁহাতক ভাল লাগে!!


লাগে। ভুলগুলো যদি এক্সট্রা অর্ডিনারি হয়, তবে একঘেয়ে নিস্তরঙ্গ এই জীবনেও বেশ একটা ইয়ে আসে। কীভাবে ভুলব সেই ভুলটিকে যেটি আমার কাছে ক্ল্যাসিক বলে মনে হয় আজও। ক্লাস সিক্সের সেই পুঁচকে Our Headmaster রচনা লিখেছিল Mrs. B. C. Pal is our headmaster. He is short and fat. He has two eyes, two hands, two legs and no tail. ভুল করার ক্ল্যাসিক উদাহরণ নয় কি এটা? আগের ক্লাসে পড়া Mrs. Khan is our headmistress আর গরুর রচনার এরকম পাঞ্চ আর দ্বিতীয়টি পাইনি আজ অবধি! 


'গাছের কাণ্ডের কাজ কী?' উত্তরে যদি কেউ লেখে 'মানুষকে গাছে উঠতে সাহায্য করা', তবে সেই ভুলকে তারিফ করতেই হয়! এরকম বাস্তব বুদ্ধি নিয়ে চলা ছাত্রের জীবনে কিচ্ছু আটকাবে না। সে ঠিক ট্যাকেল করবে সব, এটা নিশ্চিতে বলতে পারি। 


ক্ল্যাসিক ভুলের আর একটা উদাহরণ- 'তামা গাছে ফলে। তামা দিয়ে বিড়ি সিগারেট বানানো হয়। কোচবিহার জেলা তামা চাষের জন্য বিখ্যাত...।' অবাক লাগছে তো? লাগবার কথা। আসলে ছাত্রটি হুড়োহুড়ি করে প্রশ্ন পড়তে গিয়ে, তামার বদলে 'তামাক' পড়েছিল। বেশ জম্পেশ লিখে, রিভিশন দিতে গিয়ে যখন আবিষ্কার করল যে, 'তামা' সম্পর্কে লিখতে বলা হয়েছে, তখন উত্তরটা না কেটে তামাক থেকে শুধু 'ক' গুলো কেটে দিয়েছিল। আর তার ফলে আমরা পেয়ে গেলাম অনবদ্য এই রচনাটি! 


আজ পঞ্চম শ্রেণির এক খুদে 'শকুনের সংখ্যা কমে যাওয়ার কারণ' হিসেবে যা লিখেছে, তাতে অত্যন্ত চমৎকৃত হয়েছি। উত্তরটি ভুল নাকি সেটা নিয়ে এখনও চিন্তায় আছি ঠিকই, কিন্তু খুদে ছাত্রটির ভাবনায় বিস্মিত না হয়ে পারিনি। ও লিখেছে 'গরুর শরীরে ব্যথা হওয়ার জন্য গরুকে ওষুধ খাওয়ানো হয়। সেই ওষুধ খেয়ে গরুর ব্যথা কমে গেলেও, কিছুদিন পর গরু মরে যায়। শকুন সেই মরা গরু খায়। ফলে তার কিডনি নষ্ট হয়ে যায়। কিডনি ফেল করে শকুন মরছে। তাই শকুনের সংখ্যা কমে যাচ্ছে।' পড়াই ইংরেজি। একটু স্বাদ বদলাবার জন্য চেয়েচিন্তে ওদের পরিবেশ বিষয়ক ক্লাসটা চেয়ে আজ যে উত্তর পেয়েছি, তাতে নিজেই ভুল করলাম কিনা ভাবতে হচ্ছে! শকুনের কিডনি! বাপরে। বিপদজ্জনক ব্যাপার!!


এরকম মিষ্টি মিষ্টি ভুলের উদাহরণ প্রচুর। সে সব বলতে গেলে সাতকাহন হবে। তাই অলমিতি। শুধু সংযোজন, এরকম ভুল চলুক। সব ভুলই ঠিক হয়ে যাবে একদিন বয়সের সঙ্গে সঙ্গে। কিন্তু ভুলের এই দারুণ রেশটা রয়ে যাবে চিরদিন। আমার সেই ছাত্র আজ যেমন নিজে নিজেই হাসে। টেলিগ্রাম শিখে হোটেল বুক করতে গিয়ে বেচারা লিখেছিল, 'I EAT HOTEL'... কোনও ভুল না করলে, এই অম্লান হাসিটা কিন্তু আর থাকবে না! তাই ERRORS BREAD-EARNERS হোক বা না হোক, THEY ARE CLASS IN THEMSELVES IN FEW CASES.....


(বোকামির এককাল)





No comments: