আগুন
শৌভিক রায়
বরফ শীতল মায়ের কপালে
চুম্বন আঁকতে পারি নি
অথচ মায়ের মুখে
আগুন দিয়েছিলাম অক্লেশে
মৃত শরীরে মা বুঝতে পারেন নি
আগুন শেখাচ্ছে
বদলে যেতে হয় ঠিক কীভাবে!
তারপর ছাই হয়ে উড়ে উড়ে,
ঝরে পড়া
অণু থেকে পরমাণুতে,
এই ঘরে ওই ঘরে
জিজ্ঞাসা নিয়ে চোখে, অপার...
মায়ের সঙ্গে পুড়ে যায় বোধ
প্রজ্জ্বলিত নাভিকুন্ড বলে শুধু
আগুনের উত্তাপও
বরফ শীতল হয়ে যায় কখনও!
No comments:
Post a Comment