Thursday, June 20, 2024


 

আগফা ক্লিক থ্রি। একটি ক্যামেরা।

ঢাকা থাকত চামড়ার কাভারে। ছিল লম্বা ফিতে। কাঁধে বা গলায় ঝোলানো যেত। 

শাটার ওপর থেকে নিচে নামিয়ে ছবি তুলতে যে দক্ষতা লাগত সেটা এই ডিজিটাল ফোটোগ্রাফির 'টাচ' জমানায় বোঝা সম্ভব নয়।

ওই আগফা ক্লিক থ্রি ক্যামেরাতেই জাদু দেখাতেন বাবা। নেগেটিভ থেকে সাদা কালো যে ছবি প্রিন্ট হত সেগুলিও ছিল ক্ল্যাসিক। সেটা না হলে ১৯৭৫-৭৬ (সঠিক সাল মনে নেই) নাগাদ তোলা  এই ছবিটি এরকম থাকত না আজও।

হ্যাঁ। ঠিক ধরেছেন। এটি জলদাপাড়ার হলং বন বাংলো। সখ্য তার সঙ্গে বছর পঞ্চাশ আগেই। তারপর বহুবার...। 

কিন্তু সে কথা অন্য। ওই যে কালো আমবাসাডোর দাঁড়িয়ে আছে সেটি চেপেই যাওয়া হয়েছিল সেবার।

আগফা ক্লিক থ্রি অতীত। আমবাসাডোর অতীত। 

ছিল ওই বাংলোটি। সেটিও সদ্য অতীত। 

Tuesday, June 11, 2024

 অসাধারণী কথা

শৌভিক রায় 


সেই সব কঠিন অসুখ 

লিখছে না কেউ,

বলছে না 

থামা দরকার কোথাও একটা


শর্তের সাথে, 

পূরণের স্বপ্ন যদি থাকত,

দেখতে একমুখী নয় সব 

এই বহুর দেশে


তার চেয়ে নেমে এসে অলিন্দ থেকে, 

ফকির হও আবার,

রাজটিকায় লেখো 

সাধারণের 

অসাধারণী কথা....


(প্রকাশিত: দৈনিক বজ্রকণ্ঠ 

সম্পাদক: রাজেশ চন্দ্র দেবনাথ)