Sunday, January 19, 2020

















ওদের জন্মদিন 
শৌভিক রায় 

ওদের কোনও জন্মদিন ছিল না, 
আসলে যারা মরে গিয়ে বাঁচে, 
জন্মদিন থাকতে নেই তাদের। 

আমরা জন্মদিনে কেক কাটতাম,
বড় একটা কেক,
ফুঁ দিয়ে মোম নিভিয়ে
গান-টান গাইতাম,
আর কবিরা এলে 
লেবু চটকে ভদকা গিলে
বেহেড মাতাল হতাম

ওরা চুপচাপ দেখত...

ওদের কেক, মোম, গান, ভদকা
কোনটাই ছিল না

থাকবার প্রশ্নও ছিল না

সব জেনেও চুপচাপ নিজেদের,
কেবল নিজেদের, নিয়ে ব্যস্ত থাকতাম,
ব্যস্ত থাকাটাই যেন একমাত্র কাজ

আসলে পালাতাম ওদের থেকে দূরে

যদি কখনও গুটিগুটি পায়ে
ওরা এসে দাঁড়াত সামনে
নাক সিঁটকে উঠে পড়তাম

ওদের গায়ে গন্ধ, বড় গন্ধ বিচ্ছিরি

জন্মদিন টন্মদিন চুকেবুকে গেছে,
নিজস্ব কনসেনট্রেশন ক্যাম্পের
গ্যাস চেম্বারে চেয়ারে বসে আছি,
বেঁচে যাবার জন্য সময় গুনছি

ওরা মরে গিয়েও বেঁচে উঠছে
এভাবেই ওরা বেঁচে ওঠে প্রতিদিন
জন্মায় বারবার, মরে গিয়েও বাঁচে বারোমাস

ওদের কোনও জন্মদিন ছিল না সেদিন
আজও জন্মদিন এল না ওদের...